|
পাসের ধারাবাহিকতা ধরে রাখতে হবে: প্রধানমন্ত্রী |
পিডিএফ |
|
সম্পাদনায়ঃ রবিউল ইসলাম খান, নিউজরুম এডিটর
|
|
সোমবার, 07 মে 2012 22:31 |
ঢাকা/বরিশাল, ৭ মে এ বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার বাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই ধারাবাহিকতা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।সোমবার সকাল ১০টায় শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এবারের সার্বিক ফলাফলের অনুলিপি তুলে দেন।
এ সময় বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিনিয়তই পাসের হার বৃদ্ধি পাচ্ছে। এটা ভালো লক্ষনণ। তবে ফলাফলের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার এসএসসি ও সমমানে গড় পাসের হার ৮৬ দশমিক ৩৭ শতাংশ, যা গত বছরের চেয়ে ৪ দশমিক ০৬ শতাংশ বেশি।
এবার মোট ১২ লাখ ১৯ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৩ হাজার ২১২ জন। গতবারের চেয়ে এবার ৫ হাজার ৪৬৩ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৭৬ হাজার ৭৪৯ জন।
প্রাপ্ত ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে এবার সর্বোচ্চ ৯১ দশমিক ৭৮ শতাংশ পাসের হার। সর্বেনিম্ন চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ৯৬ শতাংশ। এছাড়া ঢাকা বোর্ডে ৮৫ দশমিক ৯৫, রাজশাহী বোর্ডে ৮৮ দশমিক ৩৩, কুমিল্লা বোর্ডে ৮৫ দশমিক ৬৪, বরিশাল বোর্ডে ৮৬ দশমিক ৮৬, দিনাজপুর বোর্ডে ৮৭ দশমিক ১৬, যশোর বোর্ডে ৮৭ দশমিক ১৬ শতাংশ পাস করেছে।
এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ এবং কারিগরি বোর্ডে এ হার ৮০ দশমিক ৬৯ শতাংশ।
ফলাফল হাতে পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বরিশাল কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ফলাফল ভিডিও কনফারেন্সের মাধ্যমে তা প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের সাথেও কথা বলেন।
এ সময় শিক্ষার্থীদের অভিনন্দন এবং শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা স্কুলে যাওয়ায় ব্যাপারে আগ্রহী হচ্ছে এবং শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। আমাদের ছেলে-মেয়েরা মেধাবী। তাদের ফেল করার কথা নয়।’
মাধ্যমিকের পর শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের আরো মনোযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বরিশাল জিলা স্কুল অডিটোরিয়ামে উপস্থিত শায়ান শাহরীয়ার, মানীষা জাহান ও সাইফুল ইসলাম এ সময় প্রধানমন্ত্রীকে জানায়, ‘তারা এবার পরীক্ষা দিয়ে ভালো ফল অর্জন করেছে।’
মানীষা জাহান ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বলে, ‘আপনার সাথে কথা বলতে পেরে আমরা গর্ববোধ করছি। আমরা ভবিষ্যতে আরো ভালো ফল করবো ইনশাআল্লাহ।’
জবাবে প্রধানমন্ত্রী ভাল ফলের জন্য তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে সোনার বাংলা গড়ে তোলার জন্য তৈরি হতে বলেন।
গণভবনে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
অন্যপ্রান্তে বরিশাল জিলা স্কুল অডিটোরিয়ামে বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরন, এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও বিভাগীয় কমিশনার আবু হেনা মুহাম্মদ রহমাতুল মুনিম, জেলা প্রশাসক এসএম আরিফ-উর রহমান এবং বরিশাল জিলা, বালিকা ও কারিগরি শিক্ষা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। |